
নিউজ ডেস্কঃ কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নেই পণ্যবাহী ট্রাকসহ জরুরি যানবাহনের চাপ। ফেরিঘাট ফাঁকা থাকছে বেশির ভাগ সময়। দীর্ঘ সময় পর পর ঘাট ছেড়ে যাচ্ছে ফেরি। পার হচ্ছে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স আর জরুরি যানবাহন। ফেরি কর্তৃপক্ষ জানায়, ঘাট ছেড়ে যেতে ফেরিতে ধারণক্ষমতা অনুযায়ী যে পরিমাণ যানবাহন থাকার কথা তেমনটা নেই। অনেক সময় অপেক্ষার পর কিছু যানবাহন হলে উভয় ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি। এদিকে চিকিৎসা সংক্রান্ত কাজে যাওয়া-আসা করা যাত্রীদের কদাচিৎ দেখা মিলে ফেরিতে। তাছাড়া যাত্রী শূন্যই থাকছে ফেরিতে।
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সোমবার (৫ জুলাই) সকাল থেকে মাত্র সাতটি ফেরি চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনে শিবচরের বাংলাবাজার ঘাটে গত ০১ জুলাই থেকেই কোনো যাত্রী চাপ নেই। লকডাউনের প্রথম দিনে গত বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে আটকে থাকা পণ্যবাহী ট্রাক পারাপার হওয়ার পর থেকে ঘাটে যানবাহনেরও চাপ কমে গেছে। প্রতিদিন কিছু কিছু ট্রাক আর অ্যাম্বুলেন্স পার হলেও সারাদিনে ফেরিতে তেমন কোনো যানবাহন দেখা যায় না ঘাট এলাকায়। এছাড়াও বাংলাবাজার ঘাটের সমস্ত দোকান-পাট বন্ধ থাকে। ঘাট এলাকায় পুলিশের সার্বক্ষণিক পাহাড়া থাকছে।