News71.com
 Bangladesh
 05 Jul 21, 06:59 PM
 202           
 0
 05 Jul 21, 06:59 PM

গাইবান্ধায় টানা বর্ষণে নদ-নদীর পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙনের তীব্রতা॥  

গাইবান্ধায় টানা বর্ষণে নদ-নদীর পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙনের তীব্রতা॥   

নিউজ ডেস্কঃ টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়া অব্যাহত রয়েছে। সেইসঙ্গে স্রোতে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকা জুড়ে বেড়েছে নদী ভাঙনের তীব্রতা।একের পর পর নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার কারণে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ারভিটা, ভুষিরভিটা, রতনপুর, গজারিয়া ইউনিয়নের কাতলামারী, গলনা ও জিয়াডাঙ্গা গ্রামে সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে।

অপরদিকে যমুনা নদীর পানি বাড়ার কারণে জেলার সাঘাটা উপজেলার হলদিয়া, সাঘাটা ও ভরতখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে মুন্সিরহাট, গোবিন্দি, হাটবাড়ী গ্রামে নদী ভাঙনে নতুন করে অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া হুমকির মুখে পড়েছে শত-শত ঘরবাড়ি, আবাদি জমি, গাছপালাসহ বিস্তীর্ণ এলাকা।

সোমবার (৫ জুলাই) সরেজমিনে ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা যায়, নদ-নদীতে পানি বাড়ার সঙ্গে তীব্র বাতাসে সৃষ্ট ক্ষরস্রত আছড়ে পড়ছে তীরে। ফলে বেড়েই চলেছে ভাঙনের তীব্রতা। এতে একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ী-ফসলি জমি। নদী ভাঙন তীব্র আকার ধরণ করায় চরম আতঙ্কে দিনাতিপাত করছেন ভুক্তভোগীরা। যতটা সম্ভব বাড়ি-ঘর, গাছ-পালা কেটে নিয়ে এলাকা ছাড়ছেন নদী পাড়ের বাসিন্দারা। কেউবা আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন উঁচু বাঁধে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিলেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় প্রশাসন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ-প্রকৌশলী এ টি এম রেজাউর রহমান বলেন, ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ফুলছড়ির উড়িয়ার কটিয়ারভিটা থেকে ভূষিরভিটা পর্যন্ত ঝুঁকিপূর্ণ ৬৫০ মিটার এলাকা ভাঙনরোধে কাজ করা হবে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন