
নিউজ ডেস্কঃ লকডাউনের মধ্যে ঢাকার বাড্ডায় গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস ঢালী (৫১) একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে। বাড্ডায় আলাতুন্নেসা স্কুলে গলিতে পরিবার নিয়ে বাস করতেন তিনি । নিহতের পরিবারের বরাত দিয়ে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে বাইসাইকেল নিয়ে বাসা থেকে বের হন ইলিয়াস। “বাড্ডার প্রগতি সরণির ইউলুপ মোড়ে একটি গাড়ি তার বাইসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুতবেগে চলে যায়।”
পুলিশ আহত ইলিয়াসকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান ইলিয়াস। তাকে ধাক্কা দেওয়া সেই গাড়িটি পুলিশ শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি।