
নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রভাবে উজানে ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বাড়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৩টি জেলা বন্যা কবলিত হতে পারে। স্বল্পমেয়াদী এই বন্যা দুই সপ্তাহ স্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যার ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, জামালপুর, রংপুর, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল। জেলাগুলোর নদী অববাহিকার বহু এলাকা আস্তে আস্তে প্লাবিত হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে দেশের মধ্যাঞ্চলের রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর বন্যার আশঙ্কা রয়েছে।
আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিতে সোমবার (৫ জুলাই) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা অংশ নেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসকেরা জানান, প্রতিটি জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বন্যার প্রস্তুতিমূলক সভা হয়েছে। প্রতিটি ইউনিয়নের সরকারি প্রতিষ্ঠানের কার্যালয়গুলো বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করতে সেখানকার প্রধান ফটক ও কক্ষগুলোর চাবি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজনীয় খাদ্য বরাদ্দ করতে বলা হয়েছে।