News71.com
 Bangladesh
 07 Jul 21, 10:54 PM
 191           
 0
 07 Jul 21, 10:54 PM

ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় শিশুসহ ১২ বাংলাদেশি আটক॥

ভারত থেকে অবৈধ পথে দেশে ফেরার সময় শিশুসহ ১২ বাংলাদেশি আটক॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় পাঁচ শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবি জানায়, আটক এসব বাংলাদেশি অবৈধ পথে গিয়ে ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ করতো। বুধবার (৭ জুলাই) ভোর রাতে দালালের মাধ্যমে কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪২ এর ৪ এস এর পাশ দিয়ে দেশে ফেরার পথে তাদের আটক করা হয়। পরে ফুলবাড়ী থানায় পাসপোর্ট আইনে একটি মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি।

আটক বাংলাদেশিরা হলেন- নাগেশ্বরী উপজেলার বিন্যাবাড়ী গাগলা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল জলিল (৫২) ও তার স্ত্রী লিলিফা বেগম (৪৩), ছেলে লিমন মিয়া (১২), মেয়ে আফরিনা খাতুন (০৮), একই উপজেলার কুটি বামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৭), তার স্ত্রী আনজু বেগম (৩১), সুখাতী বোর্ড ঘরের মৃত রুবেল হোসেনের মেয়ে রুবিনা খাতুন (০৫), কুটি বামনডাঙ্গার মৃত আব্দুল হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৭), তার স্ত্রী আনিচা বেগম (৩৩), মেয়ে হামিদা খাতুন (৮), ছেলে রমজান আলী (৩) ও উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন (২২)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ১২ বাংলাদেশির মধ্যে সাতজনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে। অপরাধ ও শিশু বিবেচনায় আটক পাঁচজনকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে দেয়া হয়েছে। পাঁচ শিশুকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাকি সাতজনকে দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন