
নিউজ ডেস্কঃ বৃষ্টিপাত বেড়ে যাওয়া সাপেক্ষে দেশের দক্ষিণাঞ্চল ব্যতীত সব অঞ্চলে চলতি মাসে বন্যার আভাস দেখা দিয়েছে। এ ক্ষেত্রে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দির আহমেদ জানান, আমরা পর্যালোচনা প্রতিবেদন ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি।আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্ব আকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল ইত্যাদির যথাযথ বিশ্লেষণ করে জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসটি প্রস্তুত করে আবহাওয়া অফিস।
এতে বলা হয়েছে, জুলাই মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি (১০ থেকে ১৫ দিন) বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি (৫ থেকে ১০ দিন) আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত বাড়লে এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে।চলতি মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে, ২৩ থেকে ২৯ দিন। আর সবচেয়ে কম বর্ষণের আভাস রয়েছে রাজশাহীতে, ১৬ থেকে ২০ দিন। ঢাকায় ১৮ থেকে ২০ দিন দিন বৃষ্টিপাত হতে পারে।