
নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ রোধে সরকার নির্ধারিত কঠোর লকডাউনের সপ্তম দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৯৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (০৭ জুলাই) দেশব্যাপী ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৯৩ জনকে সর্বমোট ১ লাখ ২৬০ টাকা জরিমানা করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার কর্তৃক জারিকৃত বিধি-নিষেধের ৭ম দিনে বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারাদেশব্যাপী মাঠে ছিল র্যাব। বিধি-নিষেধ কার্যকর করতে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
লকডাউনের ৭ম দিনে বিধি-নিষেধ বাস্তবায়নে সারাদেশব্যাপী র্যাবের ১৯০টি টহল ও ১৯৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার কর্তৃক ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এছাড়াও র্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দুইজন আরোহনসহ অন্যান্য বিধি-নিষেধ অমান্য করায় দেশব্যাপী পরিচালিত ২৪টি ভ্রাম্যমাণ আদালতে ১৯৩ জনকে মোট ১ লাখ ২৬০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে আড়াই হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।