
নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ১ ঘণ্টা বাড়ানো হয়েছে ব্যাংক লেনদেনও। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। এরআগে গত মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ নতুন এ নির্দেশনা জারি করে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে। এদিকে আগামী ১৪ জুলাই পর্যন্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে চলবে। গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান।