
নিউজ ডেস্কঃ করোনায় দেশের অর্থনীতি দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপরাই টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, মহামারিতে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে কার্যকরী ভূমিকা রেখেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং স্টার্টআপ। বৃহস্পতিবার (৮ জুলাই) ভার্চ্যুয়ালি ইউএনডিপি আয়োজিত এসডিজি স্টার্টআপ ভিত্তিক অ্যাক্সিলেটর প্রোগ্রামে বক্তৃতাকালে একথা বলেন পলক।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনার সময়ে প্রতিক্ষেত্রে বাংলাদেশ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছে। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিযোগিতায় জয়ী দলগুলোর উদ্ভাবনী ভাবনা বাংলাদেশ ও উগান্ডায় ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ৩৯টি হাইটেক পার্ক, ৬৪টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, ৩০০টি স্কুল অব ফিউচার, ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিমন্ত্রী ।