News71.com
 Bangladesh
 09 Jul 21, 12:10 PM
 252           
 0
 09 Jul 21, 12:10 PM

কোভিড টিকা॥ একদিনে নিবন্ধন ছয় লাখেরও বেশি

কোভিড টিকা॥ একদিনে নিবন্ধন ছয় লাখেরও বেশি

নিউজ ডেস্কঃ দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় করোনাভাইরাসের টিকা নিবন্ধনের শুরুতে প্রথম দুই দিনে আট লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন; যাদের মধ্যে শুধু বৃহস্পতিবারই নিবন্ধনের সংখ্যা ছিল ছয় লাখের বেশি। দেশে গত ২৬ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য নিবন্ধন শুরু হয়। পরে হঠাৎ টিকা অপ্রতুল হওয়ায় মে মাসের প্রথম সপ্তাহে নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়। ওই সময় পর্যন্ত ৭২ লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেন। অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ২৭ ডোজ করোনাভাইরাসের টিকা প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রথম দফায় অগ্রাধিকার তালিকা ছাড়া ৪০ বছরের বেশি বয়সীরা শুধু নিবন্ধন করতে পেরেছিলেন। মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ঊর্ধ্বগতির মধ্যে এবার সরকার টিকা দিতে সাধারণের বয়সসীমা ৩৫ এ নামিয়ে এনেছে।
এর ফলে ৩৫ বয়সের বেশি সবাই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।মাঝের সময়টায় গণনিবন্ধন বন্ধ থাকলেও জুনে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় নিবন্ধন চালু করা হয়।

কোভ্যাক্স থেকে ফাইজার ও মর্ডানার এবং চীন থেকে কেনা সিনোফার্মের প্রথম চালান এলে বুধবার দ্বিতীয় দফায় টিকা নিবন্ধন শুরু হয়। এর মধ্যে বিশেষ অগ্রাধিকার হিসেব বয়সসীমার শর্ত শিথিল করে বিদেশগামী কর্মীদের এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত মোট ৮০ লাখ ৯৭ হাজার ৯৭২ জন নিবন্ধন করেছেন। মঙ্গলবার পর্যন্ত নিবন্ধনের সংখ্যা ছিল ৭২ লাখ ৯৩ হাজার ২৫৮ জন। অর্থাৎ, এই দুদিনে নিবন্ধন হয়েছে ৮ লাখ ৪ হাজার ৭১৪টি। বৃহস্পতিবার নিবন্ধন হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৬২৮টি।

অধিদপ্তর আরও বলছে, এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৪৮ হাজার ২৭ ডোজ টিকাদানের মধ্যে প্রথম ডোজ হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৫৮ লাখ ২০ হাজার ২৩টি, ফাইজার-বায়োএনটেকের ৯ হাজার ৭৭৩টি এবং সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ৬৭৬টি ডোজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৩ হাজার ৮৩২ জন। জুন থেকে করোনাভাইরাসের ডেল্টা ধরন দেশে প্রাধান্য বিস্তার করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন