News71.com
 Bangladesh
 09 Jul 21, 06:57 PM
 182           
 0
 09 Jul 21, 06:57 PM

মশক নিধনে ডিএনসিসিতে আগামীকাল শনিবার থেকে চিরুনি অভিযান॥

মশক নিধনে ডিএনসিসিতে আগামীকাল শনিবার থেকে চিরুনি অভিযান॥

নিউজ ডেস্কঃ চলমান বর্ষা মৌসুমে রাজধানী জুড়ে বেড়েছে মশার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (১০ জুলাই) থেকে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রায় আড়াই হাজার কর্মী ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযানে অংশ নেবেন। শুক্রবার (৯ জুলাই) ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির সম্ভাব্য পদক্ষেপ জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, মশক পরিস্থিত নিয়ন্ত্রণে সবসময়ই আমরা সচেষ্ট আছি এবং আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছি। তবুও বিষয়টিকে আরও গুরুত্ব দিতে আগামীকাল (শনিবার) থেকে ১৯ জুলাই পর্যন্ত আবারও চিরুনি অভিযানে যাচ্ছে ডিএনসিসি। এটা ১৯ জুলাই পর্যন্ত টানা আট দিন (মাঝে এক শুক্রবার বাদ দিয়ে) চলবে যেহেতু ২০ তারিখ থেকে ঈদুল আজহার ছুটি। এ অভিযানে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের সবগুলোতে বিভিন্ন বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থাপনায় অভিযান পরিচালনা করা হবে। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের প্রায় এক হাজার এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আরও প্রায় দেড় হাজার কর্মী নিয়ে মোট আড়াই হাজার কর্মী এ অভিযানে কাজ করবেন। অভিযানের প্রথম দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ডিএনসিসির মেয়র উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন