News71.com
 Bangladesh
 09 Jul 21, 07:56 PM
 209           
 0
 09 Jul 21, 07:56 PM

করোনা নিয়ে বিএনপির ৫ দফা প্রস্তাবের অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে॥ ওবায়দুল কাদের

করোনা নিয়ে বিএনপির ৫ দফা প্রস্তাবের অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ করোনা সংকট নিয়ে বিএনপির পাঁচ দফা প্রস্তাবের অধিকাংশই ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা সরকার যখন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে পাঁচ দফা প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে। শুক্রবার (৯ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এর পরে একদিন বলতে শুরু করবে সরকার বিএনপির পাঁচ দফা প্রস্তাব মানলে পরিস্থিতির আরও উন্নতি ঘটতো। তাদের এসব প্রস্তাবের অধিকাংশই ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন আছে। বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ, যা সংকট উত্তরণের জন্য নতুন কিছু নেই ৷ সরকারকে পরামর্শ দিলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলেনি। যেকোনো দুর্যোগ ও সংকটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছা সত্ত্বেও দিতে হয়, তা না হলে জনগণ তাদের মিথ্যাচারকেই সত্য বলে ধরে নেবে। শেখ হাসিনা সরকার দিন-রাত জনকল্যাণে কাজ করছে আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতা ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন