
নিউজ ডেস্কঃ সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মির্জা আব্দুল হালিম (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্য জনিত কারণে শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে সাতটায় তার জন্ম স্থান পাবনা জেলার বেড়া থানার ঐতিহাসিক জয়নগরের কৈটুলা গ্রামের নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ট সহকর্মী মির্জা আব্দুল হালিম তৎকালীন পাবনা-১২ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালের ২৪ নভেম্বর থেকে ১৯৮১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত জিয়াউর রহমানের মন্ত্রিসভায় নৌ- পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন পাবনা জেলার প্রথম মন্ত্রী। মির্জা আব্দুল হালিম মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্নেহধন্য ছিলেন।