News71.com
 Bangladesh
 09 Jul 21, 10:26 PM
 253           
 0
 09 Jul 21, 10:26 PM

আগুনের ঘটনায় কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা॥ মহাপরিচালক র্যাব  

আগুনের ঘটনায় কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা॥ মহাপরিচালক র্যাব   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের অবহেলা ও গাফিলতি রয়েছে তদন্তে সব বেরিয়ে আসবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক আব্দুলাহ আল মামুন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের র‌্যাব ডিজি এ কথা বলেন। তিনি বলেন, এ ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তাদের নাম নিবিড় তদন্তে বেরিয়ে আসবে। এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। র‌্যাব ডিজি বলেন, এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তারা তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে তারা প্রতিবেদনে কারণ উল্লেখ করে সরকারের কাছে জমা দেবে।

তিনি বলেন, আমরা ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের উদ্ধার কাজে সহায়তা করতে এখানে এসেছি। এদিকে ক্ষতিগ্রস্ত ভবনে ডাম্পিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের তৃতীয় ও চতুর্থ তলা থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনের অন্য কোনো তলায় মরদেহ রয়েছে কিনা তা তল্লাশি করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি করা হচ্ছে। আশা করছি ভবনের ভেতরে আর কোনো মরদেহ নেই। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন