
নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।শনিবার সকাল ১০টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সকালে রাজধানীর আকাশে হালকা মেঘ ছিল। কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে রাজধানীসহ ঢাকায় রোদের দেখা মিলতে পারে। তবে বিকেলের দিকে আবার বৃষ্টি হতে পারে। তবে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।তিনি আরও বলেন, আগামীকাল (রোববার) বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে দেশে বড় ধরনের কোনো প্রভাব পরবে না।আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৫৮ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।