
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ব্যতীত সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা দেওয়া স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের ক্ষেত্রে এ আদেশ কার্যকর থাকবে। এর আগে মহামারির কারণে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়। এরপর স্থগিতাদেশের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের চিঠিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা দেওয়া স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে, অনেক ব্যক্তি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আগমনী ভিসা নেওয়ার জন্য আবেদন করেন। বিদ্যমান নীতি অনুযায়ী আগমনী ভিসা দেওয়া স্থগিত থাকায় তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এক্ষেত্রে অনেকেই বিমানবন্দর থেকে ফেরত যেতে বাধ্য হন। এমতাবস্থায় সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন আগমনী ভিসা দেওয়া স্থগিত রাখার বিষয়টি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও এয়ারলাইন্সকে জরুরিভিত্তিতে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।