
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলার সংশ্লিষ্টদের স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে তথ্য গণমাধ্যমে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে অবিলম্বে এই নির্দেশনা বাতিলের দাবিও জানিয়েছে সংস্থাটি। শনিবার (০৯ জুলাই) টিআইবি থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে, অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সামষ্টিকভাবে মহামারি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রয়াস চালানোর বিপরীতে কাদের স্বার্থে এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হলো, তা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেয়া হোক।
বৃহস্পতিবার (০৮ জুলাই) ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে, সরকারি হাসপাতালের সংশ্লিষ্টরা রোগীদের তথ্য গণমাধ্যমে দিতে পারবেন না। দেশে করোনাভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যার ব্যাপক ঊর্ধ্বগতির মধ্যে এমন নিষেধাজ্ঞা দেন ঢাকার সিভিল সার্জন। নির্দেশনায় বলা হয়, ‘…ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।