
নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধের’ দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের চলাচল। আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার-জরিমানা অব্যাহত রাখলেও অকারণে মানুষের চলাফেরা ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় লকডাউনের ১০ম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে রাজধানীজুড়ে গ্রেফতার হয়েছেন ৭৯১ জন। একইসঙ্গে এদিন ২১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১০ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যানবাহনকে করা জরিমানার পরিমান ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা। সরকারি বিধি-নিষেধ অমান্য করায় সর্বমোট ৩৬১টি গাড়িকে এ জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, লকডাউনের ১০ম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৭৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।