News71.com
 Bangladesh
 11 Jul 21, 11:40 AM
 227           
 0
 11 Jul 21, 11:40 AM

ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা॥ সাংবাদিকদের বিক্ষোভ  

ডিজিটাল নিরাপত্তা আইনে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা॥ সাংবাদিকদের বিক্ষোভ   

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ তিন সাংবাদিক হলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোর টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ। গতকাল শনিবার দুপুরে বাদী হয়ে এই মামলা করেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ।

জেলায় কর্মরত সাংবাদিকরা বলেছেন, দায়ের হওয়া মামলার বিষয়ে খবর নিতে গেলে শনিবার রাত ৮টায় সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে তানুর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে পাঠান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। সাংবাদিক তানুকে গ্রেফতারের বিষয়ে ওসি তানভীরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ৯ জুলাই আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের একটি মামলার এজাহার পাই। শনিবার রাতে আসামিকে থানা চত্বরে দেখতে পেয়ে গ্রেফতার করা হয়।

এদিকে তানুকে গ্রেফতারের বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী গণমাধ্যমকে বলেন, একটি সত্য সংবাদ করার পরেই এভাবে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করার মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা। মামলা দায়ের ও সাংবাদিককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি। মামলা প্রত্যাহার করা না হলে এবং গ্রেফতার সাংবাদিককে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। তানুকে গ্রেফতারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুক্তি দাবিতে এবং মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে জেলা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করেন সাংবাদিকরা। তারা তানুর মুক্তি ও সাংবাদিকদের নামে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন