
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনায় একদিনে মৃত্যুতে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪১৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। মৃত ২৩০ জনের মধ্যে পুরুষ ১৩৩ জন এবং ৯৭ জন নারী।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। রোববার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৪৮টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৩৫টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৯ হাজার ৮৬০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি।