
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকেপড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম ধাপে সোমবার (১২ জুলাই) সকালে ৬টি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়। জানা যায়, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গত ১৬ জুন বিভিন্ন বিভাগের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী সেমিস্টার পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে আসেন। এসব শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষা শেষ হলেও চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় তারা বাড়ি ফিরতে পারেননি। এতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।
আটকেপড়া এসব শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১২ ও ১৩ জুলাই দুই ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাসে করে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকালে প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ৬টি বাস এসব শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দিতে ছেড়ে গেছে। এই বাসগুলো ঢাকা, ফেনী, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, শেরপুরের শিক্ষার্থীদেও পৌঁছে দেবে। মঙ্গলবার (১৩ জুলাই) দ্বিতীয় ধাপে ক্যাম্পাস থেকে রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও অন্যান্য জেলায় আরও ২-৩টি বাস ছেড়ে যাবে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। আর লকডাউনে বাড়ি ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা।