
নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যে, ডেঙ্গুর বিস্তার ঘটছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এক থেকে ১০ বছরের শিশুরা সবচেয়ে বেশি রয়েছে। এদিকে ঢাকার নয়টি স্থানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মোট আক্রান্তের ৬৫ শতাংশই ঢাকা দক্ষিণে। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিতে সিটি করপোরেশনসহ সংশ্লিস্টদের কঠোর বার্তা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এরমধ্যে বর্তমানে ৩৫৫ জন চিকিৎসাধীন। জানুয়ারিতে ৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন আক্রান্ত হন। পরে মে'তে এই সংখ্যা বেড়ে ৪৩ জন, জুনে ২৭১ জন ও জুলাইতে ৩৫৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা নগরীতে ৬৯৪ জন ও ঢাকা বিভাগে ১৪ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩৫১ জন ঢাকায় ও মাত্র চারজন ঢাকার বাইরে চিকিৎসারত।