News71.com
 Bangladesh
 13 Jul 21, 11:12 AM
 198           
 0
 13 Jul 21, 11:12 AM

সিসিটিভির আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক॥

সিসিটিভির আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক॥

নিউজ ডেস্কঃ ট্রাক থেকে রপ্তানিযোগ্য পণ্যের চুরি রোধে সিসিটিভির আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এর মধ্যেই শুরু হয়েছে কাজ। আগামী চার মাসের মধ্যে পুরো সড়কে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১২ জুলাই) মন্ত্রণালয়ে তৈরি পোষাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র নেতাদের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাক খাতের রপ্তানি ও আমদানির মালামাল চুরির ঘটনা ঘটছে। এটা মাঝখানে বন্ধ ছিল। এখন আবার ঘন ঘন ঘটছে। এ মহাসড়কে একটি সংঘবদ্ধ চক্র কাভার্ডভ্যান চালকদের যোগসাজশে রাতে মালামাল চুরি করছে। অনেক সময় কার্টনের ওজন ঠিক রাখার জন্য তারা কার্টনে ঝুট, মাটি ইত্যাদি ভরে দিচ্ছে। পরে এ পণ্য আমেরিকা-ইউরোপসহ বিভিন্ন দেশে ক্রেতাদের কাছে পৌঁছালেও কার্টন খুলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিজিএমইএ’র নেতারা অভিযোগ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রপ্তানি পণ্যের চুরি ঠেকাতে সরকার জিরো টলারেন্স নীতিতে আছে৷ এ সময় মন্ত্রী চুরি বন্ধের জন্য উপস্থিত আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে কঠোর নির্দেশনা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন