News71.com
 Bangladesh
 13 Jul 21, 06:40 PM
 613           
 0
 13 Jul 21, 06:40 PM

কাঁটাবন মার্কেটের পশু-পাখির জীবন রক্ষায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগ॥

কাঁটাবন মার্কেটের পশু-পাখির জীবন রক্ষায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগ॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মধ্যে রাজধানীর কাঁটাবন মার্কেটে বিদ্যমান শোভাবর্ধক মাছ ও পশু-পাখির জীবন রক্ষার উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্যে চলমান বিধিনিষিধের মধ্যেও কাঁটাবন মার্কেটের দোকানগুলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুই ঘণ্টা করে খোলা রাখার অনুমতির ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের তাৎক্ষণিক নির্দেশে সোমবার (১২ জুলাই) এ সংক্রান্ত চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এর আগে কাঁটাবন মার্কেটের অ্যাকুয়া ও পেটস অ্যাসোসিয়েশন এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান বিধিনিষেধকালে কাঁটাবন মার্কেটের পশু-পাখি ও মাছের দোকানগুলো সংকটে পড়েছে।দোকানগুলোতে বিদ্যমান জীবন্ত শোভাবর্ধক মাছ ও পশু-পাখিকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত খাদ্য, পানি, রোগ প্রতিরোধক টিকা ও ওষুধ সরবরাহ করতে হয়। পাশাপাশি পরিচর্যা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাও আবশ্যক। চলমান বিধিনিষেধের মধ্যে এ সকল কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় পশু-পাখি ও মাছ মারা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মাছ ও পশু-পাখির জীবন বাঁচাতে কাঁটাবন মার্কেটের সংশ্লিষ্ট দোকানগুলো দিনের নির্দিষ্ট সময় খোলা রাখার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন