News71.com
 Bangladesh
 13 Jul 21, 07:11 PM
 194           
 0
 13 Jul 21, 07:11 PM

পিপলস লিজিংয়ের নতুন পরিচালনা পর্ষদ গঠন করলেন হাইকোর্ট॥

পিপলস লিজিংয়ের নতুন পরিচালনা পর্ষদ গঠন করলেন হাইকোর্ট॥

নিউজ ডেস্কঃ আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেডের (পিএলএফএসএল) পরিচালনা বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে চেয়ারম্যান করে এ বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন- সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শাহীদ ফেরদৌস, পুবালী ব্যাংকের সাবেক এমডি আব্দুল হালিম চৌধুরী, বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) কাজী তৌফিকুল ইসলাম, নুর-এ-খোদা আব্দুল মবিন এফসিএ, মওলা মোহাম্মদ এফসিএ, সঞ্চয়কারীদের প্রতিনিধি ড. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং এমডি হিসেবে থাকবেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ জালাল উদ্দিন।

সোমবার (১২ জুলাই) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ২৮ জুন পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেডকে (পিএলএফএসএল) পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে আমানতকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী তানজীব-উল আলম। আর পিএলএফএসএলের সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুইডেটর) মো. আসাদুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী মেজবাহুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

২৮ জুন মেজবাহুর রহমান বলেছিলেন, ২০১ জন আমানতকারী একটি আবেদন করেছিলেন। আবেদনে তারা বলেছেন, পিপলস লিজিংকে রিভাইভ বা রিকনস্ট্রাকশ করা। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার পর আদালত সিদ্ধান্ত নিয়েছেন পিপলস লিজিং রিভাইভ করা হবে। সুতরাং পিপলস লিজিংয়ের বিরুদ্ধে অবসায়নের কার্যক্রম আর হচ্ছে না। এখন পিপলস লিজিং পুনরুজ্জীবিত হলো। এ জন্য একটি বোর্ড করে দেবেন আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন