
নিউজ ডেস্কঃ বিভিন্ন প্রলোভনের সঙ্গে রোগী ভাগিয়ে আনতে এবার দেওয়া হচ্ছে কোরবানির গরুর অফার। নিম্নমানের ক্লিনিক ও হাসপাতাল মালিকরা দেশের বিভিন্ন স্থানের হাসপাতালের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন এমন প্রলোভন। অ্যাম্বুলেন্স চালক এবং হাসপাতালের দালালরা উন্নত চিকিৎসার নামে প্রলোভন দেখিয়ে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ।
শুধু তাই নয়, রোগী ভর্তির পরও রোগীদের কাছ থেকে অযথা বিভিন্ন টেস্ট ও পরীক্ষার কথা বলে আদায় করা হতো অতিরিক্ত বিল। এমন অভিযোগের ভিত্তিকে শ্যামলীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের সাথে জড়িত ও চক্রের মূলহোতা সাহাদাত হোসেন মামুনসহ চার সদস্যকে আটকের পর এমন তথ্য জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতাল থেকে চারজনকে আটক করে র্যাব-২ এর একটি দল। আটক অন্যরা হলেন, শ্যামলীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের স্টাফ মহিন উদ্দিন মামুন (৩৬), রহমত উল্লাহ্ (৩২), আকরাম হোসেন (৫২)। মূলহোতা সাহাদতের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার জাল টাকা ও ৫৫০ পিস ইয়াবাও জব্দ করা হয়।
প্রতারক মামুন খুলনা অঞ্চলের বহুল আলোচিত ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি এরশাদ সিকদারের সহযোগী। এরশাদ সিকদারের ফাঁসির পর সে পেশা বদলে ঢাকায় এসে হাসপাতাল চক্রের দালালি, মাদক ব্যবসা ও জাল টাকার ব্যবসা করছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের একটি মামলা রয়েছে।