
নিউজ ডেস্কঃ আজ ১৬ জুলাই শুক্রবার বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। ২০০৭ সালে ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ওই বছর ১৬ জুলাই তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। সেদিন ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। এ সময় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেফতার করে সুধা সদন থেকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যায়। আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই আদালত বসানো হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আদালতে তোলা হলে তার জামিনের আবেদন জানানো হয়। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।