
নিউজ ডেস্কঃ ঈদুল আজহার আর বাকি তিনদিন। ঘরে ফেরাকে কেন্দ্র করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পারের অপেক্ষায় দুই হাজারেরও বেশি যানবাহন। শনিবার (১৭ জুলাই) ভোরে সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে অন্তত দুই হাজারেরও বেশি যানবাহন পারের অপেক্ষায় আছে। সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় পড়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়ার ঘাট এলাকায় যানবাহনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ সারি দেখা দিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা।এদিকে, যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে স্থানীয় থানাসহ হাইওয়ে পুলিশের সদস্যরা। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে বলে জানা গেছে। ঈদযাত্রায় গ্রামের বাড়ি যাচ্ছেন এমন এক যাত্রী বলেন বাসে অতিরিক্ত ভাড়া দিয়েও অন্য জনের সঙ্গে বসতে হয়েছে পাশাপাশি। আবার ঘাটে এসে পড়তে হয়েছে এই দুর্বিসহ ভোগান্তিতে। ৬ ঘণ্টা অপেক্ষা করছেন জানিয়ে তিনি বলেন, কখন ফেরি ধরতে পারবো তার কোন ঠিক নেই।