
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ভ্যাকসিন হচ্ছে করোনা মোকাবেলার প্রধান অস্ত্র। সবাইকে যত দিন টিকা না দেওয়া যাবে, ততদিন সরকারিভাবে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আবার ‘লকডাউন’ দিলে কর্মহীন মানুষের পরিবার প্রতি মাসে অন্তত ১০ হাজার টাকা দিতে হবে। শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব সংহতি আয়োজিত স্মরণ সভা ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা কোনো ছোট বিষয় নয়, সারা পৃথিবী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করছে। বাংলাদেশেও সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করতে হবে।
তিনি আরো বলেন, সকল রাজনৈতিক দল, সকল এনজিও এবং পেশাজীবীদের নিয়ে করোনা মোকাবেলা করুন। জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছে, করোনা মোকাবেলায় আমরা সরকারের যে কোন কর্মকান্ড সফল করতে আগ্রহী। জাতীয় যুব সংহতি আহবায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় কাদের আরো বলেন, পৃথিবীর প্রায় সকল রাষ্ট্র দেশের মানুষকে টিকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে। কিন্তু আমাদের দেশের টিকা নিয়ে কেউ কিছু বলতে পারছেনা।