
নিউজ ডেস্কঃ কোরবানির পশুর হাটগুলোতে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১৭ জুলাই) রাজধানীর গুলশানস্থ নগর ভবনে পশুর হাট তত্ত্বাবধানে গঠিত মনিটরিং টিমের সঙ্গে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, ইতোমধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করে দেওয়া হয়েছে। টিমে ১৩ জন কাউন্সিলর এবং দুজন ভেটেরিনারি কর্মকর্তাও রয়েছেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত প্রত্যেকটি পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ প্রতিপালনে ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আতিক বলেন, প্রতিটি হাটেই শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, ২০০ গেঞ্জি এবং পর্যাপ্ত সংখ্যক মাস্ক দেওয়া হয়েছে। এছাড়াও ইজারাদারদের পক্ষ থেকে সকল হাটেই হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। পশুর হাটগুলোতে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখতে হবে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।