
নিউজ ডেস্কঃ ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। এ জন্য রোববার (১৮ জুলাই) ভোররাত থেকেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এরমধ্যে টাঙ্গাইলে মহাসড়কে ২০ কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। কয়েকদিন ধরে ভোররাত থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ২০ কিলোমিটার অংশে যানজট লেগে থাকছে। আর যানজটের কারণ হিসেবে, মহাসড়কে স্বাভাবিককের চেয়ে তিনগুন বেশি পরিবহন, দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহনগুলো চলাচলে বাঁধাপ্রাপ্তকে দায়ী করছে পুলিশ প্রশাসন।
রোববার (১৮ জুলাই) ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এসময় মহাসড়কের রাবনাবাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা, সল্লা, জোকারচর ও বঙ্গবন্ধু সেতু এলাকায় তীব্র যানজট দেখা গেছে। তবে, মাঝে মধ্যে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী গাড়ি আটকে রয়েছে। যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তবে, সকাল থেকে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যা বেশি দেখা গেছে। এছাড়া গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।