
নিউজ ডেস্কঃ আমের রপ্তানি বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের আমকে আমরা ব্যাপকভাবে বিশ্ব বাজারে নিয়ে যেতে চাই। সেজন্য রপ্তানি বাধাসমূহ চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে। ইতোমধ্যে নিরাপদ আমের নিশ্চয়তা দিতে তিনটি ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। উৎপাদন থেকে শিপমেন্ট পর্যন্ত আম নিরাপদ রাখতে উত্তম কৃষি চর্চা বাস্তবায়ন শুরু হয়েছে। ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়ার কাজ চলছে। এর ফলে আগামী বছর আম রপ্তানির পরিমাণ অনেক বাড়বে।
রোববার (১৮ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়ালি ‘আম রপ্তানি বাড়াতে করণীয়’ বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
ড. রাজ্জাক বলেন, এ বছর আমের ভালো ফলন হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ‘লকডাউন’ এবং বাজার না থাকায় চাষিরা আম বিক্রিতে হিমশিম খাচ্ছে ও আশানুরূপ দাম পায়নি। সেজন্য আন্তর্জাতিক বাজারে আরও বেশি যেতে হবে। যাতে চাষিরা আশানুরূপ দাম পায় ও আম চাষে আরও আগ্রহী হয়।