
নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় শিল্পপতি ও ব্যবসায়ীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। একইসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনগুলোকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। রোববার (১৮ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের উদ্যোগে অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাহবুবুল আলম হানিফ বলেন, করোনায় দুর্যোগের এই সময়ে সরকারের পাশাপাশি শিল্পপতি ও ব্যবসায়ীদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে তাদের ব্যবসায়ীরা, শিল্পপতিরা মানুষ ও সরকারের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশের শিল্পপতিরা মানুষের পাশে সেভাবে দাঁড়িয়েছে বলে জনগণ দেখছে না। শিল্পপতি, ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আমাদের যে সম্পদ আছে তা নিয়েই সবাইকে একসঙ্গে আমাদের করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে। জীবন ও জীবিকা দুটোর মধ্যে সমন্বয় রেখে শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে করোনা মোকাবিলায় আমরা সফল হচ্ছি।