News71.com
 Bangladesh
 19 Jul 21, 06:53 PM
 288           
 0
 19 Jul 21, 06:53 PM

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৫১ মৃত্যু॥ জামিন পেলেন ব্যবসায়ি হাসেম ও তার ছেলেরা

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ৫১ মৃত্যু॥ জামিন পেলেন ব্যবসায়ি হাসেম ও তার ছেলেরা

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার আট জনের মধ্যে হাসেম গ্রুপের মালিক আবুল হাসেমসহ তার দুই ছেলেকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করা হলে আদালত এ জামিন দেন। জামিনপ্রাপ্তরা হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০) ও তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫)। এর আগে জামিন পান তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১)। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আজ হাসেমসহ তার দুই ছেলের জামিন দিয়েছেন আদালত। এর আগে আরও দুই ছেলের জামিন হয়েছিল। বাকিরা কারাগারে রয়েছেন।

এর আগে বুধবার (১৪ জুলাই) বিকেলে চার দিনের রিমান্ড শেষে তাদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামিপক্ষ সবার জামিনের আবেদন করলে আদালত আরও দু’জনকে জামিনের আদেশ দেন। এর আগে শনিবার (১০ জুলাই) গ্রেফতার আট জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, হত্যা ও হত্যার অভিযোগে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমসহ আটজনকে গ্রেফতার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন