
নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় তিস্তা, ধরলা, দুধকুমারের পানির সমতল দ্রুত বাড়ার আভাস পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছে। পাউবো জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিসের গাণিতিক মডেলের তথ্যনুযায়ী, মঙ্গলবার (১৮ জুলাই) নাগাদ দেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই সময়ে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানির সমতল দ্রুত বাড়তে পারে। এতে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি চলে আসতে পারে। এই পয়েন্টের নদীটির পানি বিপৎসীমার কাছাকাছি এলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি। চলতি মৌসুমে দুই বার এ ঘটনা ঘটেছে। এদিকে ব্রহ্মপুত্রের পানির সমতল হ্রাস পাচ্ছে। যমুনার পানি স্থিতিশীল আছে, যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানিও স্থিতিশীল আছে, যা অব্যাহত থাকতে পারে। আবার উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার নদ-নদীর পানির সমতলও হ্রাস পাচ্ছে, যা বুধবার (১৯ জুলাই) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।