
নিউজ ডেস্কঃ শুক্রবার ভোর থেকে শুরু হচ্ছে ‘লকডাউন’। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় বেড়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। ঢাকায় ফিরতে যাত্রীদের মধ্যে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে। জানতে চাইলে ঢাকামুখী অধিকাংশ যাত্রীরাই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আরও দুই/একদিন পর থেকে লকডাউন দিতে পারতো সরকার। ঈদের পরের দিনই ছুটতে হচ্ছে ঢাকায়। শুক্রবার খোলা থাকলেও ধীরে-সুস্থ্যে যাওয়া যেতো।’ বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ঢাকামুখী যাত্রীদের ভিড় শুরু হয়েছে। সকালের দিকে ঘাট এলাকায় ঢাকাগামী তেমন যাত্রীচাপ ছিল না। দুপুরের পর থেকেই উপচে পড়া ভিড়। লঞ্চে যাত্রী এবং ফেরিতে যাত্রীবাহী ছোট যানবাহনের চাপ রয়েছে।
ফেরিঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। নৌরুটে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। বেশিরভাগই প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল। নৌরুটে স্রোত বেশি থাকায় ফেরি চলাচলে সময় বেশি লাগছে। ফলে ঘাটে গাড়ির চাপ বেশি। ঢাকাগামী যাত্রী আজিজুল হক বলেন, শুক্রবার ভোর থেকে আবারো কঠোর লকডাউন শুরু হচ্ছে। দুপুরের খাবার খেয়েই রওনা দিয়েছি। আসলে খুব তাড়াহুড়া পড়ে গেছে। ঈদের আগের দিন এসেছি। আবার পরের দিনই যেতে হচ্ছে। আরেক যাত্রী মো. জামিল হোসেন বলেন, গাজীপুর যাবো। দুপুরে বাড়ি থেকে বের হয়েছি। ঘাটে প্রচুর ভিড় রয়েছে।