
নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার শেষ হচ্ছে ঈদুল আজহার সরকারি ছুটি। তিন দিনের এই ছুটি শেষে শুক্রবার (২৩ জুলাই) থেকে আবারও সারাদেশে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) শুরু হচ্ছে। এবার সরকারি-বেসরকারি সব অফিসের পাশাপাশি বন্ধ থাকবে শিল্প-কারখানা। ঈদুল আজহা উপলক্ষ্যে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ৮ দিনের জন্য শিথিল করা হয় কঠোর লকডাউন। এ সময় চালু করা হয় সব ধরনের গণপরিবহন। আর এরপরই নামে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হওয়ায় করোনা সংক্রমণ ব্যাপকভাবে বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এ অবস্থায় শুক্রবার থেকে সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। বন্ধ থাকবে শপিংমল, দোকানপাট। চলবে না বাস-ট্রেন-লঞ্চ-বিমান। এছাড়া সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে দেশের সব সরকারি বেসরকারি অফিস বন্ধ করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু এরপরও বেড়েই চলেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দুই সপ্তাহের লকডাউনের বিধিনিষেধ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৩ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।