
নিউজ ডেস্কঃ কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে, সেটা এখনই নয়। কঠোর বিধি-নিষেধে গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্পকারখানা খোলা রাখতে এফবিসিসিআই ও বিজেএমইএ'র আবেদনের পরিপ্রেক্ষিতে এ কথা জানান তিনি। বৃহস্পতিবার (২২ জুলাই) সংবাদমাধ্যমকে ফরহাদ হোসেন জানান, গার্মেন্টস ও শিল্প কলকারখানার বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নাই। অবস্থা পরিবর্তন হলে চিন্তাভাবনা করা যাবে। তবে সেটা এ মাসের ভেতরে না। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি মাসের ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। এরপর ঈদুল আজহা উপলক্ষে শিথিল করা হয় বিধি-নিষেধ। তবে ঘোষণা দেওয়া হয় ২৩ জুলাই সকাল ৬টা থেকে দেশব্যাপী কঠোর বিধি-নিষেধের।
সে অনুযায়ী ঈদের দুদিন পর শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, করোনা নিয়ন্ত্রণে ২৩ জুলাই থেকে শুরু হওয়া ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ আগের চেয়ে কঠোর হবে। ঈদুল আজহার আগে রপ্তানিমুখী গার্মেন্টস বন্ধ থাকলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে এমন যুক্তি দেখিয়ে বিজিএমএই প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব বরাবর চিঠি দেয়। পরে একই যুক্তিতে শিল্পকারখানা খুলে দেওয়ার দাবি জানায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।