
নিউজ ডেস্কঃ এবার করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা কবি নূরুল হক৷ বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সোয়া ৪টায় তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান৷মৃত্যুকালে কবি নূরুল হকের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান৷ শুক্রবার (২৩ জুলাই) মদন উপজেলার বালালি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে৷ কবি নূরুল হক ১৯৪৪ সালে মদন উপজেলার বালালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। ষাটের দশকে কবিতা লেখা শুরু করলেও মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আশির দশক থেকে ফের লেখালেখি শুরু করেন। কবির কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, 'শাহবাগ থেকে মালোপাড়া', 'সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়', 'একটি গাছের পদপ্রান্তে', 'মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা', 'এ জীবন খসড়া জীবন'।