
নিউজ ডেস্কঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন নারী। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে মহাসড়কে শরিফবাড়ী বাসস্টান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমরুল কায়েস (২৪) ও মাইক্রোবাস চালক মাহবুব হাওলাদার (২৭)। ইমরুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত নারী যাত্রীর নাম আকলিমা। আকলিমা বলেন, একটি অ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আমি পেছনে ছিলাম। গ্লাস খোলা থাকায় বের হতে পেরেছি। ইমরুল সামনে চালকের পাশের সিটে ছিলেন। তারা আর বের হতে পারেনি। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনকভাবে বের করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়।হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিরিন বকুল নিপা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই দু’জনকে হাসপাতালে আনার আগে এক জনের মৃত্যু হয়েছে। অন্যজন হাসপাতালে আনার পর চিকিৎসা শুরুর আগে মারা গেছেন।