
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ২৩৫টি কোরবানির পশু ও ঈদ উপহার সামগ্রী পেয়ে ভাসানচরে আশ্রয়নেয়া রোহিঙ্গা শরনার্থীরা আনন্দ মিছিল করেছেন। গত সোমবার (১৯ জুলাই) সকালে এসব উপহার সামগ্রী ও কোরবানির পশু নিয়ে তারা আনন্দ মিছিল করেছেন বলে নৌবাহিনীর ভাসানচর ক্যাম্পের ইনচার্জ শংকর বিশ্বাস জানিয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর এ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার এবং কোরবানির পশু নিয়ে শরনার্থী ক্যাম্পের ওয়্যার হাউসের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করেন। এসময় গরুগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়। বিভিন্ন ক্লাস্টার এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় আনন্দ মিছিলটি।
শংকর বিশ্বাস আরও জানান গত দুদিন ধরেই ভাসানচরের রোহিঙ্গাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রথম দিনে পৌঁছে দেওয়া হয় ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও মাছ ধরার জালসহ নানা সামগ্রী। এরপর ২৩৫টি গরু পৌঁছে দেওয়া হয়। ভাসানচরে কর্মরত সরকারি কর্মকর্তারা বলেন, মূলত জীবিকা নির্বাহের নানা সামগ্রী ও কোরবানির গরু দেওয়ায় রোহিঙ্গারা আনন্দ মিছিল করেন। মিছিলকারীরা গরুগুলোর গায়ে মালা ও বেলুন ঝুলিয়ে তাদের আবাসের কাছে নিয়ে যান। মিছিলকারী রোহিঙ্গারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে তার প্রতি কৃতজ্ঞতাও জানান।v