
নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালীতে একই দিনে তিনজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) তাদের দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা বীর মুক্তিযোদ্ধারা হলেন মীর আফজাল হোসেন (৬৫), রুস্তুম আলী খান (৭০) ও আব্দুল ওয়াহেদ খান (৭৭)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মাৎ খলেদা খাতুন রেখা জানান, তাদের প্রত্যেককে পৃথকভাবে রাষ্ট্রীয় মর্যাদা জানানোর মাধ্যমে দাফন করা হয়েছে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের জিয়ালখান গ্রামের বীর মুক্তিযোদ্ধা মীর আফজান হোসেন গত বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মারা যান। শুক্রবার (২৩ জুলাই) জুমার নামাজ বাদে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে রাষ্ট্রীয় মর্যাদা জানিয়ে ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা সদরের আইরন গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী খান শুক্রবার (২৩ জুলাই) সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দিন আছর নামাজের পর আইরন গ্রামের মসজিদের সামনের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া শুক্রবার (২৩জুলাই) ভোর ৪টায় উপজেলার কেন্দুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ খান বার্ধক্য জনিত কারণে মারা যান। একই দিন দুপুরে তাকেও উপজেলার কেন্দুয়া স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যদা জানিয়ে ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী, থানার অফিসার ইন চার্জ (ওসি) ও বনি আমিন উপস্থিত ছিলেন।