
নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশে পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) রাতে বেনাপোলে ট্রেনটি এসেছে। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে। ভারতের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন নিয়ে বাংলাদেশে এসেছে। ভারতের অক্সিজেন এক্সপ্রেস গত ২৪ এপ্রিল থেকে চালু হয়। বিশেষ এই ট্রেন সার্ভিস ভারতে ৪৮০টি অপারেশন পরিচালনা করেছে। প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই প্রথম অক্সিজেন সার্ভিস দিল।
গতকাল শনিবার ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের পথে রওনা দেয়। রাত সাড়ে ১০টায় বাংলাদেশ সীমান্তে পৌঁছে। লিন্ডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এ অক্সিজেন আমদানি করেছে।
লিনডে বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রতিনিধি শুভ জানান, ভারতে করোনা পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় সে দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ শুরু করেছে। তার ধারাবাহিকতায় প্রথমবার অক্সিজেন এক্সপ্রেস নামে একটি ট্রেনের ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে পৌঁছেছে। এ অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের জামসেদপুর থেকে বাংলাদেশে এসেছে। এটি দ্রুত খালাস নিয়ে রাতেই সিরাজগঞ্জের উদ্দেশ্য রওনা হবে।