
নিউজ ডেস্কঃ বাংলাদেশসহ চারটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দেশটি জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় করোনো পরিস্থিতির অবনতি হওয়ায় ২৮ জুলাই পর্যন্ত দেশগুলোর সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে। এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ১২ মে থেকে বাংলাদেশ, ভারত ,পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। পরে কয়েক দফা এর মেয়াদ বাড়ানো হয়। আবারো ২৮ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ এই চার দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। বাংলাদেশের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিমান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটি কাটাতে দেশে এসে আটকা পড়েছেন অনেকে। এতে চাকরি হারানোসহ নানা শঙ্কার মধ্যে পড়েছেন তারা।