
নিউজ ডেস্কঃ সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আদিত্য মিশ্রের সঙ্গে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। বৈঠকে আদিত্য মিশ্র বাংলাদেশের হাইকমিশনারকে তার সংস্থার কার্যক্রম এবং বাংলাদেশ সীমান্তের ভারতীয় অংশের স্থলবন্দর ও চেকপোস্টগুলোর কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, ইমিগ্রেশন, শুল্ক এবং সীমান্ত নিরাপত্তারক্ষীদের সকল বিভাগ এক ছাদের নিচে একযোগে কাজ করে। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সমন্বয়কারী সংস্থা।