News71.com
 Bangladesh
 28 Jul 21, 08:16 PM
 184           
 0
 28 Jul 21, 08:16 PM

জনসাধারনকে ডেঙ্গুর উৎপত্তিস্থলের তথ্য দিতে তাপসের আহ্বান॥

জনসাধারনকে ডেঙ্গুর উৎপত্তিস্থলের তথ্য দিতে তাপসের আহ্বান॥

নিউজ ডেস্কঃ লার্ভা পর্যায়ে থাকা অবস্থায় ডেঙ্গু মশার উৎপত্তিস্থল সম্পর্কে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২৮ জুলাই) ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে সংলগ্ন ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আহ্বান জানান।ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা তো মানুষের ছাদে উঠতে পারি না। আপনারা যদি লক্ষ্য করেন যে, ছাদে কোথাও পানি জমে আছে, যদি নিজে পরিষ্কার না করতে পারেন আমাদের জানান, আমরা এসে পরিষ্কার করে দেবো। আপনারা যদি লক্ষ্য করেন কোনো প্রতিবেশীর আঙিনায় পানি জমে আছে আপনাদের তাকে দিয়ে পরিষ্কার না করাতে পারেন তাহলে আমাদের জানান। আমরা কাউন্সিলরসহ উপস্থিত হবো, আমাদের ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হবে। শুধু আমাদের তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করুন। কারণ এত বিস্তীর্ণ এলাকা, এত বড় এলাকায় ঘরে ঘরে গিয়ে এটা সম্ভব না। তাই আমাদের তথ্য দিন। রোগী হওয়ার আগেই তথ্য দিন। রোগী হওয়ার পর হাসপাতাল থেকে তথ্য নিয়ে লাভ হয় না। কারণ তখন কিন্তু মশার প্রজনন হয়ে গেছে। প্রজননের আগে লার্ভা পর্যায়ে আমাদের তথ্য দিন।

মেয়র আরও বলেন, এডিস মশা বাড়ির আঙিনায়, বাসাবাড়িতে হয়, ফুলের টবে হয়, ছোট বড় যেকোনো পাত্রে হয়—অর্থাৎ যেখানেই বৃষ্টির পানি এসে জমে বা পানি জমা হওয়ার সুযোগ থাকে সেখানেই কিন্তু এডিস মশার প্রজনন হয়ে থাকে। আপনাদের মেয়র হিসেবে, আপনাদের সেবক হিসেবে আমি ঢাকাবাসীর প্রতি এটুকু নিবেদন করবো, আপনারা আমাদের তথ্য দিন। যে প্রতিকূল অবস্থা তার মধ্যে পূর্ণশক্তি আমরা প্রয়োগ করে রেখেছি, আমাদের কীটনাশক আছে, আমাদের জনবল আছে, আমাদের যন্ত্রপাতি আছে, আমাদের সদিচ্ছা-আন্তরিকতা-নিষ্ঠা আছে। সবমিলিয়ে আমরা কাজ করে চলেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন