
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খোরশেদ আলম ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান। ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন ও টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। খোরশেদ আলম একজন ভাষাসৈনিক। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন।