
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন। বুধবার (২৮ জুলাই) সকালে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে ২৭ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত ১০ দিনব্যাপী মশক নিধনে চিরুনী অভিযান শুরু হয়েছে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববান হয়ে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তারকে রোধ করতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ডিএনসিসি মেয়র এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন।