
নিউজ ডেস্কঃ কোভিড-১৯ টিকা কিনতে ঋণ দ্রুত ছাড় করণে বিশ্বব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভ্যান ট্রটসেনবার্গসহ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ করেন। শুক্রবার ( ৩০ জুলাই) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের সদস্য অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাণিজ্য সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে এ বৈঠকে অংশগ্রহণ করেন আইএফসি’র দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জন গ্যানডালফো, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট ইলাংগো পাচুমাথো, পরিচালক জুবিদা আলাওয়া, আইএফসি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ওয়েন্ডি ওয়ার্নার ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম। বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও এতে বিশ্বব্যাংক গ্রুপের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। উপদেষ্টা বিশ্ব ব্যাংকের এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ-এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।