
নিউজ ডেস্কঃ রাঙামাটির লংগদুতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ ইউপিডিএফ (প্রসীত) সদস্য আটক করেছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক রাত ৩টার দিকে রাঙামাটি জেলার লংগদু উপজেলার কাট্টালী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের ৪ জন চাঁদা কালেক্টরকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনীর একটি টহল দল।
আইএসপিআর জানায়, আটককৃত সন্ত্রাসীরা হলো-সুরেন চাকমা (৩৬ বছর), অন্নাসং চাকমা (৪৫ বছর), অনিল চাকমা (১৯ বছর) এবং সাইমন চাকমা (৪০ বছর)।আটক ব্যক্তিদের কাছ থেকে ১ টি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, ১ টি অস্ত্রের ম্যাগাজিন, ১ টি ওয়াকি-টকি সেট, ১ টি সোলার চার্জার, চাঁদা আদায়ের রশিদ বই, ৪ টি মোবাইল ফোন, ১ টি হাত ঘড়ি, ১ টি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্রবিরোধী স্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।তারা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। সন্ত্রাসীরা ইউপিডিএফ (প্রসীত) দলেরসশস্ত্রশাখার সক্রিয় সদস্য বলে জানা যায় তাদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।